মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
সরকারের পাঁচ বছর মেয়াদী ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মুন্নু সিটি এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম।
পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত সুযোগ থাকলেই অন্তত একটি করে গাছ লাগানো
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম জানান, এই প্রকল্পের আওতায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানো হবে।
এই উদ্যোগটি ধারাবাহিকভাবে চলবে যাতে ভবিষ্যতে পুরো মহাসড়কটি একটি দর্শনীয় ‘সবুজ করিডোর’ হিসেবে গড়ে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘সবাই মিলে গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে অতিথিরা মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। আয়োজকরা জানান, রোপণকৃত গাছগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত