ভোরের সূর্যের প্রথম আলো রাঙিয়ে দিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে আজ উৎসবের জনস্রোতে মিশেছে গোটা বাঙালি জাতি। আনন্দঘন পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। অসাম্প্রদায়িক চেতনার এই সর্বজনীন উৎসবে রাজধানীসহ দেশের প্রতিটি প্রান্ত এখন বর্ণিল সাজে সজ্জিত।
ভোরে রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের মায়াবী সুরের মূর্ছনায় শুরু হয় নববর্ষের মূল আনুষ্ঠানিকতা। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান হাজারো মানুষ। শুদ্ধ সংগীত আর কবিতার পংক্তিতে ভোরের স্নিগ্ধতায় মিশে যায় বাঙালির প্রাণের স্পন্দন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান গনতন্ত্রের পুনরুত্থান । বিশালকায় রঙিন মোরগ, পাখি শান্তির কবুতর ও হাতি, লোকজ পুতুলের প্রতিকৃতি নিয়ে মিছিলে অংশ নেন সব বয়সী মানুষ। লাল-সাদা পোশাক আর রঙিন মুখোশে রাজপথ যেন হয়ে ওঠে এক চলন্ত শিল্পকলা।
শহরের আধুনিকতার পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী রূপও ফুটে উঠেছে সমভাবে। গ্রাম-গঞ্জের হাটবাজারে বসেছে বৈশাখী মেলা। নাগরদোলা, মাটির পুতুল আর মুড়ি-মুড়কির গন্ধে ম ম করছে মেলার মাঠ। ব্যবসায়ীরা পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা বা ‘হালখাতা’র মাধ্যমে ক্রেতাদের মিষ্টিমুখ করাচ্ছেন।
বাঙালির উৎসব মানেই খাবার। নববর্ষের সকালে ঘরে ঘরে পান্তা-ইলিশের আয়োজন ছিল চোখে পড়ার মতো। এ ছাড়াও পিঠা-পুলি ও নানা পদের ভর্তা বাঙালির ভোজকে দিয়েছে এক পূর্ণাঙ্গ রূপ।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা ব্যক্ত করেছেন যে, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনবে সমৃদ্ধি, শান্তি ও অনাবিল আনন্দ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে এই উৎসব।
সব মিলিয়ে ভেদাভেদ ভুলে নতুন দিনের প্রত্যয়ে বাঙালি আজ এক সুরে গাইছে— ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’।
মোঃনূরেআলম রায়হান/দৈ দি স
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত