1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের ব্রিফিং

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলার প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

 

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য সকল সদস্যকে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচন একটি সাংবিধানিক অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ মাধ্যম; তাই ভোটাররা যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করা পুলিশ বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, অনলাইন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তিবর্গ ও নাশকতামূলক তৎপরতার প্রতি সতর্ক নজরদারি রাখা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শন বা অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার আরো নির্দেশনা দেন যে, দায়িত্ব পালনকালে জনগণের সাথে সৌজন্যমূলক আচরণ বজায় রাখতে হবে এবং মানবাধিকারসম্মত পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি সমন্বিত টিমওয়ার্ক, শৃঙ্খলা, ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং নির্বাচনী দায়িত্বকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালনের জন্য সকল সদস্যকে উদ্বুদ্ধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ’র পুলিশ সুপার জনাব তারেক আহমেদ, বিপিএম-সেবা, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, ইন্সপেক্টরবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট অফিসারবৃন্দ, ভোট কেন্দ্রে ডিউটিতে নিয়োজিত সদস্যবৃন্দ।
নওগাঁ জেলা পুলিশ নির্বাচনকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট