
মোঃ নাঈম উদ্দীন,স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০০ পিস প্যাথেড্রিন অ্যাম্পুল উদ্ধার করেছে।
অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে চিহ্নিত মাদক কারবারি।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ মার্চ ২০২৬ তারিখ বিকাল ১৪:২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের আরামডাঙ্গা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর অবস্থান নেয়।
অভিযান পরিচালনাকারী দলে ছিলেন- এসআই (নিঃ) সৌমিত্র সাহা, এএসআই (নিঃ) মোঃ মোত্তালেব হোসেন, জেলা গোয়েন্দা শাখার সঙ্গীয় অফিসার ও ফোর্স।
ডিবি পুলিশের আভিযানিক দলটি পীরপুরকুল্লা গ্রামের আরামডাঙ্গা মাঠ সংলগ্ন পাকা রাস্তায় অবস্থানকালে জনৈক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে আসতে দেখে থামার সংকেত দেয়।
এসময় মোটরসাইকেল চালক মোঃ সোহেল মন্ডল (২৪), পিতা- মোঃ ছলেমান আলী, সাং- পীরপুরকুল্লা, পুলিশ দেখে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার ওপর ফেলে রেখে দ্রুত কৌশলে দৌড়ে লোকালয়ের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীতে আশেপাশে থাকা স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের সামনে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে মোটরসাইকেলে বিশেষভাবে বাঁধানো একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে:
১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং
১০০ (একশত) পিস প্যাথেড্রিন ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়।
পলাতক আসামী মোঃ সোহেল মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে এ ধরনের জিরো টলারেন্স অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।