
মোঃনূরেআলম রায়হান :কেরানীগঞ্জ. ঢাকা
কদতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলী এলাকার ওই কারখানায় আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে মোট সাতটি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আগুনের বিস্তার রোধে কাজ চালায়।
এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিস্তারিত পরিচয় জানার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও তদন্ত চলছে।