
মোঃ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
৫ এপ্রিল, ২০২৬,মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ এবিএম আনোয়ারুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ণাঢ্য জীবনের এক ঝলক:
এবিএম আনোয়ারুল হক দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পেশাগত জীবন শুরু হয়েছিল সরকারি চাকুরী দিয়ে। সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘকাল নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে যান।
রাজনৈতিক ক্যারিয়ার ও অবদান,চাকুরী জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হন। ক্লিন ইমেজের এই নেতা ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
সাংসদ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মানিকগঞ্জ-১ আসনের উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখেন। তাঁর জীবনের অন্যতম বড় অর্জন ছিল জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন সহ ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার অবকাঠামোগত উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে।
শোকের ছায়া,তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-১ সহ পুরো জেলায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ জনগণ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “এবিএম আনোয়ারুল হক ছিলেন একজন জনবান্ধব ও কর্মঠ নেতা। এলাকার উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।