
বিশেষ প্রতিনিধি,কামরুল ইসলাম:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রান এলাকার বাসিন্দা ওসমানের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা। অভিযুক্ত ওসমান জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের নেতা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারী চক্র অভিযোগ তুলেছে যে, ওই নেতা সাধারণ গরিব মানুষের মাঝে চালের কার্ড দেওয়ার কথা বলে ২৫ ও ১৯ জনের কাছ থেকে জনপ্রতি ৬ থেকে ৮ হাজার টাকা করে নিয়েছেন এবং পরে উল্টো হুমকি দিয়েছেন। তবে এলাকাবাসীর দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
হোয়াইক্যং ইউনিয়নের একাধিক সচেতন নাগরিক জানান, ওসমান দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ইউনিয়নের মানুষ ভালোভাবেই জানেন কারা দুর্নীতিবাজ আর কারা নন। তারা বলেন, “এই ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।”
এলাকাবাসীর অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে একটি পত্রিকায় বিভ্রান্তিকর ও সাজানো সংবাদ প্রকাশ করে ওসমানের সম্মানহানি করার চেষ্টা করছে। তারা এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ওসমানের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশাবাদী।