
কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি :
হ্নীলা মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে তরুণ প্রজন্মের মিলন মেলা উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হ্নীলা ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ও মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর সন্তান মুরাদ হোসেন (জিয়া)। তিনি বলেন, “মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরী আজীবন শিক্ষা, নৈতিকতা ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ ধারণ করেই তরুণ প্রজন্মকে সমাজ ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি তরুণদের মাদক, সহিংসতা ও অনৈতিক কার্যক্রম থেকে দূরে থেকে সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের কান্ডারি ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা জনাব জিয়াউর রহমান। তিনি বলেন, “তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ। সুশিক্ষা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তরুণরা নেতৃত্বে এগিয়ে এলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়া সম্ভব।”
তিনি মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতি সংসদের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুর আহমদ আনুয়ারীসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তাঁর স্মৃতিকে ধারণ করে সামাজিক, শিক্ষামূলক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে তরুণ প্রজন্মের অংশগ্রহণে মিলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালন করেন।
এ ধরনের আয়োজন হ্নীলা ইউনিয়নের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।