
মোঃ নূরেআলম রায়হান : কেরানীগঞ্জ (ঢাকা)
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত জাকির হোসেন খন্দকার স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্রাইট ফিউচার কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল’-এর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া ও নানা ধরনের অনৈতিক আচরণের মাধ্যমে হয়রানি করে আসছিলেন। বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এলে রোববার দুপুরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। এক পর্যায়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, শিক্ষকতার মতো সম্মানজনক পেশার আড়ালে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে অসদাচরণ করে আসছিলেন। ভয় ও সামাজিক চাপে এতদিন তারা বিষয়টি প্রকাশ করতে পারেননি।
এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি সামনে আসার পর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।